৭১’র মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলশুনানি ২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে কামারুজ্জামানের পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
তিনি বলেন,আদালতের কাছে আমরা বুধবার ও বৃহস্পতিবারের জন্য সময় আবেদন করেছি। এরপর আদালত এ মামলার শুনানির দিন অবকাশকালীন ছুটির পর নির্ধারণ করেন। পুরো আগস্ট মাস সুপ্রিম কোর্ট অবকাশকালীন বন্ধ থাকবে। এরপরই এ মামলায় যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
আদালতে আসামিপক্ষে আরও উপস্থিত ছিলেন শিশির মুহাম্মদ মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ১৮ মে থেকে কামারুজ্জামানের মামলার আপিল শুনানি শুরু হয়। মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে কামারুজ্জামানের মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এর আগে কাদের মোল্লা ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করতেন।
গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২-এর দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান।আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে।
গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বাকি দুটি অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়
ঢাকা, কেএ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





