হবিগঞ্জের সীমান্ত থেকে ঢোলের ভেতরে করে গাঁজা পাচারকালে ইউনুস মিয়া (৩০) নামের এক বাদককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ঢোলের ভেতরে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ইউনুস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নুরনগর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে।
জানা গেছে, সম্প্রতি ইউনুস মিয়া সীমান্তবর্তী সুরমা চা বাগানের ২০ নং এলাকায় আসেন। বাদ্যবাদকের আড়ালে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ তাকে আজ সকাল ৭টার দিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি কে.এম আজমিরুজ্জামান বলেন, এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এমবি





