একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৯তম ও সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলীকে আসামিপক্ষের জেরা অব্যাহত আছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমেরনেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত জেরা মুলতবি করেছেন। একইসাথে ওইদিন বেলা ১২টার মধ্যে জেরা শেষ করতে আদেশ দেয়া হয়েছে।

সাক্ষী এস এম ইদ্রিসআলীকে পঞ্চম দিনের মতো জেরা করেন আজহারের আইনজীবী আব্দুস সোবহান। গত ১৫ জুন সাক্ষ্য দেওয়ার পর ২২ জুন তাকে জেরা শুরু করেন একই আইনজীবী।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।

এর আগে ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

এটিএম আজহারের বিরুদ্ধে গণহত্যা,হত্যা,লুণ্ঠন,ধর্ষণ,নির্যাতন, আটক, অপহরণ,গুরুতর জখম ও অগ্নিসংযোগের ৬টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া সুপিরিয়র রেসপনসিবিলিটিতেও (উর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযুক্ত হয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদেশে ২০১২ সালের ২২ আগস্ট আজহারের ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। বর্তমান সেকারাগারে রয়েছে।

ঢাকা, কেএ, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর