এইচআরএসএসের তথ্যমতে, গত তিন বছরে রাশিয়ায় যুদ্ধে অন্তত ৫৪ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। সংগঠনটি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, নিখোঁজদের সন্ধান এবং নিয়োগে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে এইচআরএসএস। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশন অবহিত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এইচআরএসএস পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা তদন্ত করে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার দাবি জানায়। পাশাপাশি সৌদি আরবে দুই বাংলাদেশির মামলা ও বিচারপ্রক্রিয়ার নথি প্রকাশ, বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, প্রবাসীদের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো অবহেলা বা ব্যর্থতা থাকলে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এমএম















