দুর্নীতির মামলায় দুই ব্যাংকের কর্মকর্তাসহ ছয় আসমিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও অগ্রণী ব্যাংক কর্মকর্তাসহ ব্যবসায়ীরা আছেন। বুধবার সারাদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মাগুড়া শাখার প্রাক্তন মুখ্য কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) খন্দকার সাজেদুল আলম ও একই ব্যাংকের জগদল শাখার অফিসার (ক্যাশ) মো. আসমত আলী বিশ্বাস।

তাদের বিরুদ্ধে আলমখালি শাখার ভুয়া শস্যঋণ প্রকল্প দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর মাগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এ ছাড়া অগ্রণী ব্যাংকের ঢাকার বংশাল শাখার প্রিন্সিপাল অফিসার (বরখাস্ত) মো. ফারুক আহমেদ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিডেটের প্রাক্তন হেড অব আইটি এবং অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অমিত হালদার।

চট্টগ্রাম আগ্রাবাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পুরবী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল আমিন লিটু ও নেত্রকোনার হোসেনপুর উপজেলার জনৈক হযরত আলী ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

এমআর