সাজা স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন চেম্বার আদালত।
আজ (০১ ডিসেম্বর) শনিবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। আগামীকাল (০২ ডিসেম্বর) রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এই আদেশের ফলে কোন ব্যক্তির সাজা স্থগিত হলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আজ (শনিবার) আদালত বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এর ওপর শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৯ নভেম্বর জাতীয় নির্বাচনে অংশ নিতে ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া সাজা ও দণ্ড স্থগিত করে বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
সাবিরা সুলতানার পক্ষে শুনানি করেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
এমবি





