বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি ঘটনায় দায়ের করা মামলায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এই আদেশ দেন।
গত ২৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ইব্রাহিম এবং উপ-পরিচালক জয়নাল আবেদীন আসামিদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে সাত মামলায় ৭ দিন করে ৪৯ দিনের রিমান্ড আবেদন করেন।
বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারীকে মতিঝিল থানার ৫২(৯)১৫ মামলায় ৩ দিন এবং তিন ব্যবসায়ী মধ্যে ভয়েজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিবুল গনিকে মতিঝিল থানার ৩৭(৯)১৫, ৪৫(৯)১৫, ৫৩(৯)১৫ ও ৫৮(৯)১৫ নম্বর মামলায় চার দিন করে ১৬ দিন, গুলশান থানার ৫৬(৯)১৫ নম্বর মামলায় এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেনকে ৩দিন এবং ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন্নবী চৌধুরীকে ৪০(৯)১৫ মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই দিন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন রিমান্ড শুনানির জন্য আজ (৩১) মার্চ দিন ধার্য করে আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল গত ২৭ মার্চ দিবাগত রাত থেকে ২৮ মার্চ সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, উত্তরা ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, গত বছর ১০ সেপ্টেম্বর বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মোট ৫৪টি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। প্রথমে এই ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে। কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন দুদকে অভিযোগ আকারে পাঠানো হয়।
এসব মামলায় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, ডিএমডি মো. সেলিম, ডিজিএম এমদাদুল হক, ফজলুস সোবহান, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সদস্যসচিব এ মোনায়েম খান, ডিএমডি কনক কুমার পুরকায়স্থ, ক্রেডিট কমিটির জিএম মো. মনিরুজ্জামান ও শাহ আলম ভূঁইয়া, ডিজিএম খান ইকবাল হাসান, জিএম মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান এবং ঋণ গ্রহণকারী ভুয়া প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
ওএফ





