কক্সবাজারের এক আইনজীবীর সহকারীর শরীরে তল্লাশি চালিয়ে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ। একইসঙ্গে নজরুল ইসলাম (৪২) নামে ওই সহকারীকেও আটক করেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি মো.মহসিন ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম প্রায় ৬ ফুট লম্বা এবং দেখতে সুদর্শন। শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্ট অতিক্রমের সময় তাকে সন্দেহ হলে পুলিশ শরীরে তল্লাশি শুরু করে।
এসময় নজরুল নিজেকে কক্সবাজার বারের আইনজীবী পরিচয় দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মামা আইনজীবী এবং সে তার সহকারী হিসেবে কাজ করে।
এসময় পুলিশ তার শরীরের ভেতরে বাঁধা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করেন এবং তাকে আটক করে বাকলিয়া থানায় নিয়ে যান।
বাকলিয়া থানার ওসি মো.মহসিন বলেন, নজরুল আইনজীবীর সহকারী হিসেবেও কাজ করেন আবার ইয়াবার ব্যবসাও করেন। জিজ্ঞাসাবাদে সে নিজেই এ স্বীকারোক্তি দিয়েছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





