রাজধানীর নয়াটোলায় দুই শিশু হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির শুনানি করে মঙ্গলবার বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। আসামিপক্ষে ছিলেন খবির উদ্দিন ভুঁইয়া।

রায়ের পর খবির উদ্দিন ভূঁইয়া জানান, নয়াটোলার দুই শিশু হত্যায় আসামি লিটন ও রঞ্জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় ২০০৮ সালের ২৯ এপ্রিল জুয়েল (১০) ও বিপ্লব (৭) হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে হারিয়ে যাওয়ার দুই দিন পর ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ওই বছরের ১ মে জুয়েলের বাবা আলাল উদ্দিন রমনা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার এক মাস পরে লিটন ওরফে কসাই লিটন এবং রঞ্জনকে আটক করে পুলিশ।

২০০৯ সালের ৫ আগস্ট শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করলে জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির শুনানি করে মঙ্গলবার এ রায় দেন হাইকোর্ট।

জেএ