জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’বলে কটূক্তির মামলায় দিনাজপুরের একটি আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলার অতিরিক্ত চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হক এ আদেশ দেন। দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার পারভেজ আহাম্মদ চৌধুরী পরাগের দায়ের করা দঃ বিঃ আইনের ৫০০/৫০১ ও ৫০২ ধারার মামলায় এই পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে লন্ডনে অ্যাট্রিয়াম ব্যাংকোয়েট যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে আসামি তারেক রহমান দাবি করেন ‘একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি ও পাকবন্ধ।’এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক আদর্শবান সৈনিক ও দেশের নাগরিক হওয়ায় মামলার বাদী ও দেশের মান সম্মানের ক্ষতি ও মানহানি হয়েছে।
এ মামলায় ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে তারেক জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়। পরে সমন আদালতে সেঁটে দেয়া হয়। তবে আসামি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আজ বুধবার গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছে আদালত।
এমই





