মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক জাতীয় পার্টির সাবেক নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার আান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদ ইমাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন।
সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শোয়েবুর রহমানের জবানবন্দি গ্রহণ শুরু করেন ট্রাইব্যুনাল।
এ সময় জব্বাবের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে ১৪ আগস্ট জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত ২০ জুলাই আদালতে জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা। অপরদিকে বিরোধীতা করে শুনানি করেন তার পক্ষে রাষ্ট্র নিয়োগ প্রাপ্ত আইনজীবী আবুল হাসান।
তারও আগে ৮ জুলাই জব্বারের পক্ষে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত ৫টি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে এখনো তাকে আইন-শৃংখলা বাহিনী গ্রেফতার করতে পারেনি।
এর আগে ১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
তারও আগে গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চুড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা।
ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিচার বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা ২শ জনকে ধর্মান্তরিত এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫শ ৫৭টি ধ্বংশ করার অভিযোগ রয়েছে ।
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি জাতীয় পার্টির সাবেক নেতা।
ঢাকা, কেএ, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





