অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন,উন্নয়নের আরো কৌশল খোঁজা হচ্ছে। দেশের অর্থনীতির সূচকগুলো এখন উর্ধ্বমুখী রয়েছে। সূচকের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে হবে।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী এপ্রিলে মেক্সিকোতে বৈশ্বিক সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের যে সভা অনুষ্ঠিত হবে সেই সভার অন্যতম একটি প্রতিপাদ্য  হচ্ছে দক্ষিণ - দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা । বাংলাদেশ , ইন্দোনেশিয়া ও মেক্সিকো হচ্ছে ওই সভার  প্রতিপাদ্যের কোর গ্রুপের সদস্য।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ - দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার রূপরেখা, দক্ষিণের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও জনশক্তি রফতানির সুযোগ বৃদ্ধি এবং দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতা পরিচালনার ইতিবাচক দিকগুলোর ওপর আলোকপাত করা হয়। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বৈঠকে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পলিন টেমেসিস, ডেন মার্কের রাষ্ট্রদূত হানে ফুগল ইসকজের, কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূই্ঞা, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শাসমুল আলম প্রমুখ।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]