রোববার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশ জারির দিন থেকেই এটি কার্যকর হয়েছে।

এনবিআরের নতুন আদেশ অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এ জন্য সংশ্লিষ্টদের এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়ে আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজন অনুযায়ী এ আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় নতুন খাত যুক্ত বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।

নতুন আদেশের ফলে সংশ্লিষ্ট ১১ খাতের উৎপাদনকারী ও সেবা প্রদানকারীদের এখন থেকে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাই অনুসরণ করতে হবে।

এস