শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার প্রভাবে দাম কমেছে। তবে দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বেশির ভাগ পণ্যের দাম এখনো কমেনি।

কারওয়ান বাজারের এক বিক্রেতা জানান, মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। কিন্তু অন্যান্য সবজি ও কৃষিপণ্যের পাইকারি মূল্য বেশি থাকায় খুচরা বাজারেও দাম বেশি রাখতে হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, মরিচের দাম কমলেও ডিম, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বাজারে স্বস্তি ফিরছে না। তাদের মতে, এক বা দুটি পণ্যের দাম কমে গেলেও মোট বাজার খরচ প্রায় আগের মতোই রয়েছে।

এদিকে টানা দুই সপ্তাহ ধরে বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। দুই সপ্তাহ আগে যে ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হতো, তা গত সপ্তাহে ১৫০ টাকায় পৌঁছায়। বর্তমানে পাড়া-মহল্লার দোকানে এক ডজন ডিম ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বড় পাইকারি বা সুপারশপে কিছু ক্ষেত্রে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজির বাজারে কিছু পণ্যের দামে সামান্য কমতি দেখা গেছে। লম্বা বেগুন বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও গোল বেগুনের দাম প্রায় ১৫০ টাকা কেজি রয়েছে। শসা মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, ধুন্দল, ঝিঙা ও চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৭০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৮০ টাকা এবং করলা ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া প্রতিটি ৫০ থেকে ৭০ টাকা এবং দেশি লাউ ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম অপরিবর্তিত রয়েছে, যা প্রতি কেজি ৩০ টাকা।

অন্যদিকে, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বর্তমানে ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এনএইচ