শুক্রবার (১৬ অক্টোবর) শ্যামবাজারসহ রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা জানান, শিম, ফুলকপি ও মুলা বাজারে উঠলেও মৌসুমের শুরু এবং সীমিত সরবরাহের কারণে এসবের দাম এখন চড়া। আগাম শিম কেজিপ্রতি ১৬০ টাকা, টমেটো মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা এবং ফুলকপি প্রতিটি ৭০ টাকায় মিলছে। বেগুন ও কাঁকরোল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। ঝিঙা, লাউ, কচুমুখী, ঢ্যাঁড়স ও মুলার দাম কেজিপ্রতি ৮০ টাকা।

তুলনামূলক সস্তা সবজির মধ্যে রয়েছে পটল (৬০ টাকা), মিষ্টিকুমড়া (৫০ টাকা) ও পেঁপে (৩০ টাকা)।

ক্রেতারা বলছেন, আগের চেয়ে কম সবজি কিনতেও এখন বেশি টাকা লাগছে। শিম, টমেটো ও বেগুনের মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দামে সংসারের বাজেট মেলানো কঠিন হয়ে পড়েছে। অনেকে পছন্দের সবজির বদলে সস্তা বিকল্প বেছে নিচ্ছেন, আবার কেউ কেউ কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন। নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলোর ওপর চাপ পড়ছে বেশি।

ক্রেতা আবুল হোসেন আশা করেন, সরবরাহ বাড়লে দাম নাগালে আসবে। শ্যামবাজারের বিক্রেতা আব্দুর রহিম মন্ডলও বলেন, মৌসুমের শুরুতে আগাম সবজির দাম সাধারণত বেশি থাকে এবং সরবরাহ বাড়লে কমার সম্ভাবনা আছে। তবে সব সবজির দাম একসঙ্গে কমেনি। ক্রেতাদের ভাষ্য, দাম কমার অপেক্ষায় থাকার সুযোগ নেই, প্রতিদিনের প্রয়োজনে বাজার করতেই হচ্ছে।

সবজির এই চড়া দরের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে কাঁচামরিচে, যা এখন ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দামও কমে ডজনপ্রতি ১৪০ টাকায় নেমেছে। মাছ ও মাংসের দামে গত সপ্তাহের তুলনায় কোনো পরিবর্তন আসেনি।

সব মিলিয়ে বাজারে শীতের সবজির উপস্থিতি বাড়লেও দামের কারণে ক্রেতারা এখনো স্বস্তি পাচ্ছেন না। সরবরাহ বাড়লে দাম কমবে, এমনটাই এখন সবার প্রত্যাশা।

এনএইচ