অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে অনেক ভিন্নমত (ডিফারেন্ট ওপিনিয়ন) আছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘মিটিংয়ে আমরা রিভিউ করেছি। এটা এখনো শেষ হয়নি।’
‘জিডিপি প্রবৃদ্ধির হার কতো হতে পারে’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো এ বিষয়ে অনেকদিন আগে থেকেই বলছি। এর চেয়ে কম প্রত্যাশা করি না।’
‘জিডিপি’র লক্ষ্যমাত্রা কি ৬ দশমিক ৩-ই থাকবে’ এর জবাবে মুহিত বলেন, ‘সেটা বলতে পারব না, এখনো ঠিক করি নাই। অনেক ভিন্নমত (ডিফারেন্ট ওপিনিয়ন) আছে, আবার বসতে হবে।’
‘অবরোধ-হরতালের প্রভাব কি ভয়াবহ’ জানতে চাইলে তিনি বলেন, ‘নো’। দশম সংসদ নির্বাচন নিয়ে দেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছিল, তা দেশের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবার জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশের বেশি অর্জিত হবে না বলে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতোমধ্যে আগাম পূর্বাভাস দিয়েছে।
দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর পলিসি ডায়লগ’ (সিপিডি) ‘জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশের বেশি হবে না’ উল্লেখ করে সম্প্রতি বলেছে যে, রাজস্ব খাতে বড় ধরনের ঘাটতির কারণে এবার উন্নয়ন ও রাজস্ব বাজেট কাটছাঁট করতে হবে। বাজেটে ঘাটতির পরিমাণ কিছুটা বাড়ানো গেলেও ব্যয় সংকোচন ছাড়া অভ্যন্তরীণ ঋণের পরিমাণ সংযত রাখা সম্ভব হবে না।
জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিভিন্ন দাতাগোষ্ঠীর পূর্বাভাসের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, সাধারণত নির্বাচনের বছরে জিডিপি প্রবৃদ্ধির হার অন্যান্য বছরের তুলনায় ২ থেকে ৩ শতাংশ কমে যায়। এরপরও জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]