সম্প্রতি সরকার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দরে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৯ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা।
তবে দাম বাড়লেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত সরবরাহ। শুক্রবার (১৫ মে) রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। কোথাও কোথাও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
রাজধানীর সেগুনবাগিচায় বাজার করতে আসা সাইমুম হোসেন বলেন, আগে দোকানে গেলেই সহজে তেল পাওয়া যেত। এখন কয়েকটি দোকান ঘুরেও মিলছে না। দাম বাড়লেও সংকট কমেনি, বরং ভোগান্তি আরও বেড়েছে।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলোর কাছ থেকেই পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ সম্ভব হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, বড় পরিসরে যারা পণ্য মজুত করছেন তারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও চাপের মুখে পড়তে হচ্ছে খুচরা ব্যবসায়ীদেরই।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে বাজার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।
ভোক্তাদের অভিযোগ, দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাজার তদারকিতে কার্যকর উদ্যোগের অভাবে সংকট কাটছে না। দ্রুত সরবরাহ স্বাভাবিক ও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এনএইচ