ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আসন্ন বাজেটের উপর ৫৯টি সুপারিশমালা পেশ করেছে।  ডিসিসিআই’র পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের নিকট জাতীয় বাজেট ২০১৪-১৫ এ সুপারিশ মালা হস্তান্তর করেন।
সূত্র জানায়, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ বছর আসন্ন বাজেটের উপর ৫৯টি সুপারিশমালা পেশ করেছে। এ বছরের বাজেটটি যাতে করে ব্যসবা-বান্ধব ও শিল্প সহায়ক হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখে ডিসিসিআই এ সুপারিশমালা প্রস্তুত করেছে বলে জানা গেছে।
আসন্ন বাজেটে ডিসিসিআই পক্ষ থেকে এ বছর বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ২,২০,০০০/- টাকা থেকে বাড়িয়ে ৩,০০,০০০/- টাকা করা, মহিলা করদাতা ও বয়স্ক নাগরিক এর ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২,২৫,০০০/- টাকা থেকে বৃদ্ধি করে ৩,৫০,০০০/- টাকা এবং প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০/- টাকা থেকে বৃদ্ধি করে ৪,০০,০০০/- টাকা করার সুপারিশ করা হয়। এছাড়াও ব্যক্তি শ্রেণীর আয় ৫,০০,০০০/- টাকার বেশি হলে ২০% হারে করারোপের সুপারিশ করা হয়।  
এছাড়া ডিসিসিআই তালিকাভুক্ত কোম্পানীর মুনাফার উপর আরোপিত কর্পোরেট কর ২৭.৫ শতাংশ হতে হ্রাস করে ২০ শতাংশে নির্ধারণ করা, মূল্য সংযোজন কর সংক্রান্ত প্রস্তাবে বার্ষিক টার্ণওভার ৮০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা নির্ধারন এবং টার্ণ ওভার ট্যাক্স এর হার ৩% থেকে কমিয়ে ২% করার সুপারিশ করেছে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বিদ্যমান হারে বিশেষ থোক বরাদ্দ অব্যাহত রাখার প্রস্তাব করেছে ডিসিসিআই।
সুপারিশকৃত বাজেটে কুটির শিল্প প্রতিষ্ঠানের আওতায় মূসক অব্যাহতির জন্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ ও ইকুইপমেন্টে বিনিয়োগকৃত মূলধন অনধিক ৮০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করার সুপারিশ করা হয়।
ডিসিসিআই’র পক্ষ থেকে চেম্বার ও ট্রেড এসোসিয়েশনের ক্ষেত্রে চেম্বারের সকল ধরনের আয়কে পূর্বের ন্যায় কর মুক্ত করার সুপারিশ করা হয়। এয়াড়াও প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে ১৫% হারে নগদ প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়।
এ সময় ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের ফলে সৃষ্ট ক্ষতির বিষয়টি বিশেষ বিবেচনায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।  
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান গোলাম হোসেন জাতীয় বাজেট ২০১৪-১৫ তে অন্তর্ভুক্তির জন্য ঢাকা চেম্বারের সুপারিশসমূহ সক্রিয় বিবেচনায় রাখার আশ্বাস প্রদান করেন এবং তিনি দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।  
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]