শিক্ষা, গ্যাস, মৎস্য, চিনি ও ট্রেক্সটাইল খাতসহ দেশের বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষে ৯৬১ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের চতুর্থ নির্বাহী কমিটির সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদন দেয়া প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, একনেক বৈঠকে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ৯৬১ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৭৬৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ১৯৮ কোটি টাকা বিভিন্ন সংস্থার তহবিল থেকে ব্যয় মেটানো হবে।
ছয় প্রকল্পের মধ্যে রয়েছে, ১৫ থেকে ৪৫ বছর বয়সের ৪৫ লাখ নিরক্ষর মানুষকে স্বাক্ষর জ্ঞান দেয়ার একটি প্রকল্প।
অনুমোদিত প্রকল্পগুলো হল- মৌলিক সাক্ষরতা কর্মসূচি। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৫২ কোটি টাকা। এ কর্মসূচিতে নতুন করে দেশের ৪৫ লাখ নিরক্ষর মানুষ সাক্ষরতার আওতায় আসছে। ১৫ থেকে ৪৫ বছর বয়সী এ সব মানুষকে সাক্ষরতা অর্জনের পাশাপাশি জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা দেওয়া হবে।
শিল্প এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে অনুমোদন দেওয়া হয়েছে নতুন গ্যাস লাইন স্থাপন প্রকল্প। এর আওতায় গাজীপুর ও শ্রীপুরে স্থাপন করা হবে নতুন সরবরাহ লাইন। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১৯৮ কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়দেবপুর চৌরাস্তা ও টঙ্গী এলাকায় গ্যাস সরবরাহের ঘাটতি পূরণ এবং গ্যাস বিতরণ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর একটি হচ্ছে- ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প। এতে ব্যয়ের ৮৪ দশমিক ৪০ কোটি টাকা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানা হবে।
‘উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ’ শীর্ষক প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এখানেও ১১৮ কোটি টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হবে।
এ ছাড়া ‘কনস্ট্রাকশন অব এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অফিস বিল্ডিং’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ৩৪ দশমিক ৪১ কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় মেটানো হবে।
সর্বশেষ ‘প্রোডাকশন অব ইলেকট্রিসিটি বাই কো-জেনারেশন অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অব সুগার রিফাইনারি অ্যাট নর্থ বেঙ্গল সুগার মিলস’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে সরকারি তহবিল থেকে ৭৩ দশমিক ৪৭ কোটি টাকা ব্যয় করা হবে।
একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৯৬১ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
শিক্ষা, গ্যাস, মৎস্য, চিনি ও ট্রেক্সটাইল খাতসহ দেশের বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষে ৯৬১ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) ।





