বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেদেশ থেকে তুলা আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নয়াদিল্লিতে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে একান্ত বৈঠকে এই আহ্বান জানান।

চলতি বছরের ১৫ থেকে ১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে স্বল্পোন্নত (এলডিসি) দেশের জন্য যে প্যাকেজ প্রস্তাব আনা হবে, তাতে সমর্থন দিতে সীতারমনের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ। প্রস্তাব সমর্থনের আশ্বাস দেন সীতারমন।

এ ছাড়া পাট রপ্তানির ক্ষেত্রে বাধা দূর করা এবং তুলা আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণায়ের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন সীতারমন।

বাংলাদেশ ও ভারতের এই দুই মন্ত্রী দোহা ওয়ার্ক প্রোগ্রাম বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওষুধ রপ্তানির ক্ষেত্রে ট্রিপসের মেয়াদ বৃদ্ধি, সার্ভিস ওয়েভার প্রদান, রুলস অব অরিজিন বিষয়ে গৃহীত সিদ্ধান্ত উন্নত বিশে^র অনেক দেশ বাস্তবায়ন করছে না। এই সমস্যা সমাধানে ডব্লিউটিওর নাইরোবি সম্মেলনে ‘এলডিসি প্রস্তাব’ তোলা হবে।

বাণিজ্যমন্ত্রী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়া ইকোনমিক কনক্লেভে যোগদান শেষে বুধবার দেশে ফিরেছেন।

এমকে