নরওয়েষ্ট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিদাতাদের বিচার, মিথ্যা মামলায় জড়ানো প্রতিবাদ ও অসৎ শ্রম আচরণ বন্ধের দাবি জানিয়েছে শ্রমিকরা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, নরওয়েষ্ট লি. সরকারি রেজিস্ট্রিকৃত একটি ইউনিয়ন, যার রেজি:নং ঢাকা-৪৭৩৭ ইউনিয়নটি গত ২০১৩ সালে ২ মার্চ রেজিস্ট্রেশন করে। এর পর থেকে মালিক, শ্রমিকের সাথে সুসর্ম্পক বজায় রেখে কাজ করে আসছে। গত মাসে নতুন জিএম মো: আবু হাসনাত খান নিয়োগ পান, এর পর থেকেই ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যদের চাকরি থেকে অব্যাহতি নেয়ার জন্য বাধ্য করেন।

এরই ধারাবাহিকতায় ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে হাসনাত খান একটি সভার ডাক দেন, উক্ত সভায় প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের মত গুম করা হবে বলে হুমকি দেয়। এছাড়া কর্মকর্তাদের বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে জীবন নাশের হুমকি দেয়া হয়। আমরা এই সব অসৎ আচরণ বন্ধের দাবি করছি।

বক্তারা বলেন, আমরা যদি স্বেচ্ছায় চাকরি থেকে চলে না যাই, তাহলে আমাদেরকে জামায়াত শিবির ও বিএনপির নেতা সাজিয়ে বোমাবাজি ও সন্ত্রাসী মামলায় জড়ানো হবে বলেও হুমকি দেয় তারা। এই অবস্থায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, আমরা এর থেকে মুক্তি জন্য গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান বক্তারা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা নুরুন্নাহার, শ্রমিক কর্মচারী সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এমএ/ এআর