[b]ঢাকা:[/b] আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে মঙ্গলবার দুপুরে আগাম নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের অন্যান্য দেশের চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ দাবি করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কীসের বাইরের চাপ আছে? টেল মি হোয়াট ইজ দ্য চাপ? দেয়ার ইজ নো কজ ফর এ্যানি চাপ। আমরাই তো বিএনপিকে অফার করেছি।’
এ সময় ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের চাপকে ‘টোটালি ইউজলেস’ বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে সেটা তাদের ব্যাপার।’
তিনি বলেন, বর্তমান সরকার অস্ত্রের জোড়ে ক্ষমতায় আসেনি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এসেছে। সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত এ সরকারের বিষয়ে বিদেশী কোনো চাপ নেই বলেও জানান মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। বিএনপি টোটালি ফুলিশ খেলা খেলেছে।
মার্চ-এপ্রিলে বহুল আলোচিত পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, চলতি বছরের মার্চ-এপ্রিলে পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে। এর পর থেকে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে।
পদ্মা সেতু নির্মাণে দেশের বাইরের কোনো তহবিল চাচ্ছেন না বলেও জানান মুহিত। তিনি বলেন, কেউ যদি আসে, তাহলে আমরা তাদের সহায়তা নেব। কেউ আসবে এমন ইঙ্গিত পেয়েছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, এখনো পাইনি।
মুহিত আরো বলেন, বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বতন্ত্র বেতন স্কেলের কাজ যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]





