আরাস্তু খানের পদত্যাগের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকা প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ইসলামী ব্যাংক।

পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে নিযুক্তির পূর্বে তিনি অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

প্রফেসর মো: নাজমুল হাসান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর উন্নয়ন অর্থনীতি ও হিউম্যান নিউট্রিশন বিষয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন।

১৯৯৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সাবেক চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেন।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন।

গত বছরের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। সে সময় কোনও রকম আগাম আভাস ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে।

একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়।

এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে।


জেড