দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হয়েছেন আবদুল মাতলুব আহমাদ। প্রথম সহসভাপতি হয়েছেন বিজিএমইএয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

তারা তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ২৮ মে।

নির্বাচনী বোর্ড সূত্র জানা গেছে, আজ বিকেল তিনটা পর্যন্ত এফবিসিসিআইয়ের সভাপতি, প্রথম সহসভাপতি এবং সহসভাপতি পদের ফরম জমা ও কেনার শেষ সময় ছিল। এই সময়ের মধ্যে সভাপতি পদে আবদুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি পদে শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি পদে মাহবুবুল আলম ছাড়া আর কেউ ফরম কেনেন নি। তাই তারাই আগামী দুই বছরের জন্য ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনটির নেতৃত্ব দেবেন।

এর আগে গত শনিবার এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ।

৩২টি পরিচালক পদের জন্য লড়ে উন্নয়ন পরিষদ থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। চেম্বার গ্রুপ থেকে ১২ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন এই প্যানেলের। স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের দলনেতা মনোয়ার হাকিমসহ চারজন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এবার এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন ১৬ জন করে ৩২ জন। এই ৩২ জন পরিচালক নির্বাচনের জন্যই রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গত শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর বাইরে আরও ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত অ্যাসোসিয়েশন-চেম্বার থেকে। তাঁদের ইতিমধ্যে মনোনীত করা হয়েছে। এই ৫২ পরিচালকের মধ্য থেকে ভোটের মাধ্যমে আজ সোমবার নির্বাচিত হবেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি এবং দুই সহসভাপতি। এবার সভাপতি ও সহসভাপতি চেম্বার এবং প্রথম সহসভাপতি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন।

এএইচ