বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকার ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকেরা।
আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে কর্মীরা সমবেত হতে থাকে। এসময় তারা কাজে যোগ না দিয়ে পূর্বের পাওনা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করতে শুরু করে। এক পর্যায়ে সাতরাস্তা অবরোধ করে রাখে।
ফলে মগবাজার থেকে মহাখালীগামী অসংখ্য যানবাহন আটকে পড়ে। কারওয়ান বাজার থেকে তেজগাঁও হয়ে গুলশান এলাকায় যাওয়া অফিসগামী মানুষজন আটকা পড়ে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেসময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।
তিনি আরও জানান, অবরোধের ফলে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে চেষ্টা চলছে।
এমবি





