ইপিজেডের গ্রামীণ নীটওয়্যারের শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকুরীতে পূনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ঢাকা ইপিজেডের ডক্টর ইউনুসের মালিকাধীন গ্রামীণ নীটওয়্যারের শ্রমিকদের গত বছরের অর্জিত ছুটির টাকা দাবী করলে কারখানা বন্ধ করে দেওয়া হয়।
পরে কারখানাটি চালু করলে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং ২০০ জন শ্রমিককে অজ্ঞাত আসামি করে মিথ্যা মামলা দায়ের করে।
বক্তারা আরো বলেন, শ্রমিকদের বিভিন্ন ভাবে মামলা-হামলা ও বিভিন্ন ভাবে পুলিশ ও স্থানীয় মাস্তানদের দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, কারখানাটিতে ১২০০ শ্রমিক কাজ করার সুযোগ থাকলেও বর্তমানে ৩ শতাধিক শ্রমিককে কারখানার বাহিরে রাখা হয়েছে।
বক্তারা অবিলম্বে তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকুরীতে পূনর্বহালের জোর দাবী জানান।
সংগঠনের সহসভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম প্রমুখ।
এমএ/এসএইচ





