বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে এসব স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর শাইনপুকুরে দায়িত্ব পালন করবেন এই নয়জনের মধ্যে সাতজন।

বুধবার বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।

তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিংয়ের প্রধান পরামর্শক শেখ নাহার মাহমুদ, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম ও বিজিএমইএতে নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকসে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা হলেন- বুয়েটের অধ্যাপক শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এসব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। বিএসইসি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারধারী ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে।

বিএসইসি জানিয়েছে, উপদেষ্টা কমিটির গত ১১ ডিসেম্বরের সভায় বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বিএসইসিকে।

বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো। বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন।

ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে। বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।

সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হলো।

এনএইচ