টাকা বা নিজস্ব নোট একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে স্বল্পতম সময়ের মধ্যে কাগজি টাকার প্রচলন শুরুর মাধ্যমে বিজয় মুকুটের উজ্জ্বল পালকটি যুক্ত হয় ১৯৭২ সালের ৪ মার্চ।

প্রথম কাগজি টাকা প্রচলনের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দ্বিতীয়বারের মতো এ বছর টাকা দিবস পালন করা হচ্ছে।

গত বছর থেকে, দেশের প্রথম ও একমাত্র ব্যাংক নোট ও মুদ্রাবিষয়ক তথ্য এবং গবেষণাধর্মী পত্রিকা কালেক্টার এটি বাস্তবায়ন করছে।

এ বিষয়ে পত্রিকাটির ব্যবস্হাপনা সম্পাদক ও মুদ্রা সংগ্রাহক প্রকৌশলী এস এম আকিবুর রহমান বলেন, ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব নোট বা মুদ্রার প্রচলন শুরু হয়। ইতিমধ্যে ৫০তম বছর পার হয়েছে। আজ ৫১ বছরে পদার্পণ হচ্ছে। দিনটি স্মরণীয় রাখা ও টাকার ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, টাকা দিবস ঘিরে কালেক্টারের কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার ও শনিবার রাজধানীর ফার্মগেটে ৬৮ কাজী নজরুল ইসলাম এভিনিউতে সংগ্রাহক মহাসমাবেশ (৫০তম), মেগা অকশন ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের নকশা ও মুদ্রণে ১, ৫, ১০ ও ১০০ টাকার চার ধরনের নোট বাজারে ছাড়া হয়। তবে জালনোটও দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে তখনকার আওয়ামী লীগ সরকার দ্রুত নিজস্ব নকশায় টাকা প্রচলনের উদ্যোগ নেয়। আর এর নকশা করার দায়িত্ব পান চারুকলা থেকে পাস করা তরুণ শিল্পী কে জি মুস্তাফা।

এমআই