মাইডাস ফাইন্যান্সের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫২২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাইডাস ফাইন্যান্স ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। মোট ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্য ১০ টাকায় প্রতিটি শেয়ার ইস্যু করা হবে।
সংগৃহীত অর্থে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, লিজ ফাইন্যান্স, টার্ম ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, গৃহায়ন লোন সম্প্রসারণ ইত্যাদি খাতে ব্যবহার করবে।
রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





