রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের বিডা কনফারেন্স রুমে বৃহস্পতিবার ‘ইনভেস্টমেন্ট রিলেটেড বাজেট আউটকাম ফর ফিসক্যাল ইয়ার ২০২৭-২৭’ শীর্ষক ব্রিফিং সেশনে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ সময় বিডার পক্ষ থেকে জানানো হয়, এবারের বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক হলো করনীতিকে ‘বিনিয়োগ-উৎপাদন-কর্মসংস্থান চক্র’ বৃদ্ধির একটি প্রধান সহায়ক মাধ্যম হিসেবে নির্ধারণ করা হয়েছে। একটি প্রযুক্তি-ভিত্তিক এবং অনুমানযোগ্য কর ব্যবস্থার মাধ্যমে জিডিপির তুলনায় করের অনুপাত বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বাজেটে নিয়ন্ত্রণ শিথিলকরণ বা ডিরেগুলেশনকে একটি মূল অগ্রাধিকার হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা উদ্যোগ, রপ্তানি বহুমুখীকরণ, স্থানীয় মূল্য শৃঙ্খল উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকারমূলক প্রবৃদ্ধির খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিয়ন্ত্রণ শিথিলকরণের বিষয়ে অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গেল-উইন্ডোর মাধ্যমে মাত্র ১৪ দিনে ব্যবসা শুরু করার ব্যবস্থা করা হয়েছে এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সময়সীমা পার হলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন দেওয়া হবে। বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ৩ বছর করা হয়েছে এবং বন্ড সুবিধা মূল প্রতিষ্ঠান থেকে ৬০ কিমি পর্যন্ত প্রসারিত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল, স্পিডবোট, হস্তশিল্পসহ ১০টি নতুন রপ্তানি খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

শুল্কমুক্ত আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক সর্বনিম্ন ৩০ শতাংশ মূল্য সংযোজন করার নিয়মটি বাতিল করা হয়েছে জানিয়ে আরও বলা হয়, লভ্যাংশ প্রত্যাহারের সময়সীমা ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে। নিটা অ্যাকাউন্ট থেকে অর্থ পাঠানোর সময় কমিয়ে ১ কার্যদিবস করা হয়েছে। এ ছাড়া, তালিকাবহির্ভূত চুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব-অনুমোদন মওকুফের সীমা ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে।

বাজেটে ডিরেগুলেশনের কথা উল্লেখ করে বিডা জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট মূল্যায়নকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আপিল কমিশনারেট ও ট্রাইব্যুনালে প্রাক-জমার (প্রিডিপোজিট) পরিমাণ ১০ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ এবং হাইকোর্টে তা ২ শতাংশ করা হয়েছে। এ ছাড়া অনাবাসিক স্পন্সর বা পরিচালকদের জন্য পিএসআর (আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক) জমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

এছাড়া খাতভিত্তিক বিশেষ প্রণোদনার বিষয়ে বলা হয়, এবারের বাজেটে স্টার্টআপ স্যান্ডবক্সের জন্য টার্নওভার ট্যাক্স থাকবে না। ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য শূন্য আয়কর সুবিধা দেওয়া হয়েছে। ২৫ হাজার ডলারের নিচে দামের বৈদ্যুতিক যানবাহন (ইভি) আমদানিতে ট্যাক্স ৯৪ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ করা হয়েছে এবং চার্জিং স্টেশনের ওপর সমস্ত শুল্ক ফ্রি করা হয়েছে।

বাজেটে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সৌরশক্তির যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত (আমদানি শুল্ক, আরডি, এসডি) এবং সৌরশক্তি উৎপাদনকারী ব্যবসার আয়ের ওপর শূন্য শতাংশ আয়কর ধার্য করা হয়েছে উল্লেখ করে বিডা আরও জানায়, তুলা আমদানিতেও অগ্রিম আয়কর (এআইটি) ৫ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ৫১টি এপিআই (এইপআই) কাঁচামাল আমদানিতে শূন্য কাস্টমস শুল্ক এবং ক্যানসারপ্রতিরোধী ওষুধের ৯টি কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করা হয়েছে।

এমএম