ঢাকা: বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সহায়তার জন্য এ চার দেশের আন্তসরকার কৌশল স্থাপন করা হয়েছে। চীনা বিদেশ মন্ত্রণালয় সূত্রে সম্প্রতি এ কথা বলা হয়।
বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) ইকোনমিক করিডর ওয়ার্কিং গ্রুপের দুই দিনব্যাপী সভায় এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানের রাজধানী কুনমিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
করিডর গঠনে এ চার দেশের মধ্যে একটি যৌথ গবেষণা পরিকল্পনা স্বাক্ষরিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এ কথা জানান। তিনি বলেন, চার দেশ সহযোগিতার ক্ষেত্রগুলোর অগ্রাধিকার নিয়েও আলোচনা করে। তারা আলোচনায় পরিবহন পরিকাঠামো, বিনিয়োগ, বাণিজ্য, লজিস্টিকস ও সংস্কৃতি বিষয়ে অগ্রাধিকার দিতে একমত হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের ভারত সফরকালে বিসিআইএস অর্থনৈতিক করিডর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠনের একটি প্রস্তাব উত্থাপন করে চীন। সেই পথ ধরেই এ আলোচনা এগিয়ে যায়। হুয়া বলেন, প্রস্তাবটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দূরীকরণে এবং পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগের সেতুবন্ধ হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
টাইমনিউজবিডি/এসএমআর





