রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ'র ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইদুল ইসলাম রুবেল, মাসুদের বড় ভাই আয়াতুল্লাহ বেহেস্তী, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ কৌশিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের ওপর একের পর এক বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছে জামাত-শিবির ক্যাডাররা। মাসুদ ও টগরের উপর হামলার এক বছর পার হওয়ার পরও প্রশাসন হামলাকারীদের কোনো শাস্থির ব্যাবস্থা করেনি। আমরা এ ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি। এই জঘন্য হামলার বিচার না হলে শুধু আমরা ক্ষতিগ্রস্থ হবো তা নয়, ভবিষ্যতে মাসুদের মত এ ক্যাম্পাসে আবারো কোনো প্রগতিশীল চিন্তাচেতনার সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হোক এটা আমরা চাইনা। যদি জড়িতদের শাস্তি না দেওয়া হয় তাহলে তারা আবারো হামলা করার সাহস পাবে।
এ সময় বক্তারা আরো বলেন, এর পরে যদি আর কোনো ছাত্রলীগের একজনের ওপর হামলা করা হয় তাহলে ছাত্রলীগ পাঁচজনের উপর হামলা করে এর প্রতিশোধ নিবে। এ সময় মাসুদ ও টগরের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের নিকট শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ এপ্রিল সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ইতিহাস বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ এবং ছাত্রবৃত্তি সম্পাদক ও ফোকলোর বিভাগের ছাত্র টগর মোহাম্মদ সালেহর ওপর হামলা হয়।
কেএইচ





