সর্বশেষ গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয় বিশেষজ্ঞ আফসানা আইয়ুবসহ আরও নয় কর্মকর্তাকে বদলি করা হয়। এর আগে রোববার ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনায় এনসিটিবির গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আফসানা আইয়ুবসহ নয় কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে। তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ১০ কর্মকর্তা বদলি হলেন। বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা-সমালোচনা চলছে।
মঙ্গলবার রাতে এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস ‘আমার দেশ’কে বলেন, আমার জানামতে, নৌকা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া আর কোনো কিছু বলতে পারব না।
এদিকে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। মাঠপর্যায়ে পাঠানো প্রায় ২০ লাখ কপি বই ফেরত এনে সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বইটির প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। ফলে বই সংশোধন ও পুনর্মুদ্রণে বাড়তি ব্যয় এবং নির্ধারিত সময়ে বিতরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে প্রাথমিকের প্রথম ও তৃতীয় শ্রেণির বাংলা এবং দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ে নৌকার ছবি বহাল থাকছে। এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, মন্ত্রণালয় পর্যায়ের পরিমার্জন কমিটির অনুমোদন অনুযায়ী বইগুলো ছাপানো ও বিতরণ করা হয়েছে। তাই চলতি শিক্ষাবর্ষের বই থেকে এসব ছবি বাদ দেওয়ার সুযোগ নেই।
এনসিটিবির সদস্য অধ্যাপক আবু নাসের টুকু জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই সংশোধন করে পুনরায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, সদস্য অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান বলেন, মন্ত্রণালয় পর্যায়ের সংশোধন কমিটিতে আপত্তি না থাকায় বইটি ছাপানো হয়েছিল। এ বছর তা সংশোধনের আর সুযোগ নেই।
একটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও অন্য বইয়ে নৌকার ছবি বহাল রাখার সিদ্ধান্তে একই ধরনের বিষয়ে ভিন্ন নীতি অনুসরণের প্রশ্ন উঠেছে। শিক্ষাবিদদের মতে, পাঠ্যবইয়ে ছবি ও প্রতীক নির্বাচনে নিরপেক্ষতা, বয়সোপযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
এমএম











