ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় তিনজন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টিএসসি ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দিদারুল হক টিটু (২৮), জোসেফ আহম্মেদ (২৮) ও মো: তানভীর আহম্মদ (২৮)। তাঁরা সবাই নিজেদের ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর অনুসারী বলে দাবি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, “টিএসসিতে কয়েকজন বহিরাগত গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গিয়ে তাঁদের গাঁজাসহ আটক করেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।”

প্রক্টর আরও বলেন, আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা সারাক্ষণ এসব বিষয়ে অভিযান পরিচালনা করছে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমবি