রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনুশীলন নাট্যকর্মী মিজানুর রহমানের উপর স্বাধীনতা বিরোধীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

সাবেক ভিসি প্রফেসর আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং অনুশীলন নাট্যদলের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর মলয় কুমার ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কনিকা গোপ, প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মো. আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংস্কৃতি হলো একটা দেশের প্রাণ। ১৯৭১ সালে যখন আমাদের সাংস্কৃতিক কর্মীরা আমাদের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছিল তখনও স্বাধীনতা বিরোধীরা যেমন আমাদের উপর হামলা চালিয়েছিল আজও তেমনি স্বাধীনতা বিরোধীরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

কিন্তু তারা কোনোদিন আমাদের উপর হামলা করে আমাদের সংস্কৃতিকে নস্যাৎ করতে পারবে না। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে সর্বদা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এসময় তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রক্টর চৌধুরী জাকারিয়া, ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর মাহাবুবুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সুজিৎ সরকারসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

এসএইচ