শিশুদের দিয়ে জাতীয় ছাত্র সংসদের মানববন্ধন অংশগ্রহণ করিয়েছে সংগঠনটির নেতারা।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক মানুষ অংশগ্রহণ করে যাদের ৮০ জনই হচ্ছে শিশু। কেউ কেউ ৬ষ্ঠ-৭ম শ্রেণীতে পড়া-লেখা করে। অনেকেই গাড়ির গ্যারেজে কাজ করে। আবার অনেকেই কিছুই করেনা বলে জানা গেছে। অথচ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকার কথা।

মানববন্ধনে অংশগ্রহণকারী হাতে ময়লা-কালি মাখা ১০ বছরের কিশোর ইফতেখার বলেন, আমি গ্যারেজে কাজ শিখি। বড় ভাই বললো এক জায়গায় যেতে হবে তাই আসছি।

এখানে আসা বাবদ কত টাকা দেওয়া হবে জানতে চাইলে ইফতেখার বলেন, কত টাকা দিবে এটাও বড় ভাই জানে।

নারায়ণগঞ্জের পাগলা থেকে আগত রফিক বলেন, আগে পড়া লেখা করতাম এখন কিছুই করিনা। বড় ভাই নিয়ে আসছে তাই আসছি। দুপুরে খাওয়া বাবদ কিছু টাকা দিতে পারে। তবে বড় ভাইয়ের কাজে আসছি না দিলেও আসতাম।

এমন আরো নারায়ণগঞ্জ, খিলগাও, বাড্ডা ও কমলাপুর থেকে বিভিন্ন শিশুদের নিয়ে আসে জাতীয় ছাত্র সমাজের নেতারা। প্রতিটি জায়গা থেকে ১০ থেকে ২০ জন করে শিশু আসে ব্যানার সংবলিত মানববন্ধনে অংশ নিতে।

আরেক জন শিশু আলী যার বাসা হচ্ছে মধ্যবাড্ডা। তাকে নিয়ে এসেছে ছাত্র নেতা বিল্লাল। বিল্লালের নেতৃত্বে ২০ জন শিশু মানববন্ধনে অংশগ্রহণ করে।

আলী বলেন, বড় ভাই নিয়ে এসেছে। তবে এখানে আসা বাবদ আমাদের নির্দিষ্ট দাবি নেই। ভাই আমাদের খাওয়া বাবদ যা দেয় তাই খুশি। এছাড়াও কাজল, সুমন, রাসেলসহ প্রায় ৮০ জন শিশু মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মো. ইফতেখার হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানি, শাহ ইমরান রিপন, জিয়াউর রহমান, এরশাদ হোসেন, নোমান মিয়া, ইঞ্জিনিয়ার নাজমুল হক, রফিকুল ইসলাম নিলয় প্রমুখ।

মানববন্ধনে ছাত্র নেতারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, পরিচ্ছন্ন রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি শাবিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

এমএ/এমকে