রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিনের সঞ্চালনায় সমাবেশে উপাচার্য বলেন, 'আগস্ট মাস বাঙালী জাতির জীবনে এক শোকাবহ মাস। যে ব্যাক্তির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সে ব্যাক্তিকে কিছু বিপথগামী মানুষ রাতের আধারে নির্মমভাবে হত্যা করেছে।

বঙ্গবন্ধু শুধু জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারই হননি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বাঙালী জাতির কিছু বিপথগামী মানুষের দ্বারাও।'

উপাচার্য আরো বলেন, 'যেখানে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনগণ যদি সজাগ থাকে তাহলে স্বাধীনতা বিরোধীরা কোন ষড়যন্ত্র করতে পারবে না।'

এছাড়া দিবসটি উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এমকে