সম্প্রতি দেশে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য-উদ্দেশ্য মানুষ গড়া, মানুষ হত্যা করা নয়। এই নৈতিক অবস্থান থেকে যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি তাহলেই জঙ্গিবাদের মূলোৎপাটন করা সম্ভব হবে। জাতি সব সময় অশুভ শক্তিকে পরাজিত করে জয়ী হয়েছে। জাতির সঙ্কটকালে সবাই একসাথে কাজ করলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব। জাতির সঙ্কটময় মুহূর্তে ছাত্রদেরও এগিয়ে আসার আহবান জানানা তিনি।

জঙ্গি হামলায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারজানা ইসলাম বলেন, ‘আমরা আর একটি প্রাণও হারাতে চাই না। বর্তমানে আমরা কেউ নিরাপদ নই। তবে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।'

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খয়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন, ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।