অনেক জল্পনা কল্পনা শেষে দীর্ঘদিন বেদখলে থাকা ‘শহীদ নজরুল ইসলাম হল’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হল উদ্ধার সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি ।
এ ছাড়া সভায়  বেদখল হয়ে যাওয়া ‘শহীদ আজমল হোসেন হল’ ও ‘আবদুর রহমান হল’ উদ্ধারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় ১ বিঘা জায়গার ‘শহীদ নজরুল ইসলাম হল’ পুরান ঢাকার ৫/১, গোপীমোহন বসাক লেনে অবস্থিত।
হল উদ্ধার সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির সদস্য ও হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, শহীদ নজরুল ইসলাম হলটি বিশ্ববিদ্যালয়ের নামে দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হয়েছে। শিগগিরই হলটির দখল বুঝে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে বুধবার বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া শহীদ আজমল হোসেন হল পরিদর্শনে যাবেন ঢাকা জেলা পরিষদের একজন ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ(ওসি) কে এম ফিরোজ।
হলটিতে বর্তমানে বসবাসকারীদের কাছে যথাযথ ডকুমেন্ট না থাকলে ২৪ ঘণ্টার মধ্যে হলটি ছেড়ে দিতে বলা হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে হলটি দখলে নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
[b]ঢাকা,২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]