জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষক সমিতি। এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধের পর বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠকে বসেন শিক্ষক সমিতির নেতারা।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আলী নূর বলেন, ‘আমরা আগামীকালের (শুক্রবার) বি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে পরবর্তি পরীক্ষাগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকে শুধু কালকের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরুর দুইদিন আগে বুধবার পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় জবি শিক্ষক সমিতি।

এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমিক কাউন্সিলের একজন সদস্য বলেন, সভা বেলা ১১টায় মুলতবি করা হয়। এ সময় পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠানের জন্য শিক্ষক সমিতিকে অনুরোধ করা হয়। শিক্ষক সমিতি বৈঠক করে সিদ্ধান্ত জানালে ১২টার পর আবার আমরা বসব। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় জবি শিক্ষক সমিতিকে বহিষ্কার করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এমএইচ