জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ব্যাংক অবরোধের মুখে ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম।

আন্দোলনাকারীদের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

উপাচার্য জানান, আগামী রোববার সব বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে তিনি বসবেন। তখন সিদ্ধান্ত নেওয়া হবে বিভাগ উন্নয়ন ফি কমানো হবে নাকি বাতিল করা হবে। সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রম কবে থেকে ফের শুরু হবে তা জানিয়ে দেওয়া হবে।

আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ দুই দফায় আলোচনায় বসেন। আন্দোলনকারীরা তাদের দাবিতে অটল থাকলে দ্বিতীয় দফা আলোচনায় বিকেল ৪টার দিকে এ ঘোষণা দেন তিনি।

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ব্যাংক অবরোধের কর্মসূচি পালন করে আন্দোলনকারী প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।

আজ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

তবে ব্যাংকে টাকা জমা দিতে না পেরে ভর্তি হতে পারেনি প্রথম বর্ষে ভর্তি হতে আসা কোনো শিক্ষার্থী। দুপুর ২টা পর্যন্ত শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

এমবি