রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বানেশ্বর রুটের বাসে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার পৌনে ১টার দিকে বানেশ্বর থেকে ক্যাম্পাসগামী বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে বাসটির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের বানেশ্বর রুটের একটি বাস ক্যাম্পাসের দিকে আসছিল। বাসটি যখন বানেশ্বর রেল ক্রসিং অতিক্রম করে তখন দৌড়ে এসে বাস থামিয়ে বাসে চার পাঁচ জন মানুষ উঠে পড়ে।

তারা প্রতিপক্ষের ধাওয়া খেয়ে বাসে ওঠে বলে জানান তিনি। এ সময় ধাওয়াকারীরা ওই বাসকে লক্ষ্য করে ইট, পাটকেল, হাতুড়ি নিক্ষেপ করে। এতে বাসের কাচ ভেঙ্গে যায়।

তবে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে বানেশ্বর রুটের ৩ টি বাসেরই চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি পেলে তবেই বাস ছাড়া হবে বলে পরিবহন দপ্তরের প্রশাসক জানান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের বানেশ্বর রুটের বাসে হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিকাল থেকেই বাস চলাচল করবে বলে জানান তিনি।

এসএইচ