বি ইউনিটে ৭৮৫ আসনের বিপরীতে ৪২ হাজার ৯৭৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন। পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৯৭৬ জন। প্রতি আসনের বিপরীতে লড়াই করে প্রায় ৪৫ জন ভর্তি পরীক্ষার্থী। আজ তীব্র যানজটের কারণে প্রায় ১০ থেকে ১৫ মিনিট দেরি করে আসা শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শুক্রবার ও আজ শনিবার এমনই চিত্র দেখা যায়।

শনিবার জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় তীব্র যানজটের কারণে অনেক শিক্ষার্থীকেই দেরি করে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। দেরিতে আসা পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দিতে কাজ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, রেঞ্জার ও বিএনসিসির সদস্যরা।

তবে গত দিনের তুলনায় শনিবার যানজট বেশি দেখা যায়। ঢাবি ও জবির একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এই যানজট আরও ভোগান্তি বাড়ায়। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাবির পরীক্ষা কেন্দ্র হিসেবে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এতে করে পুরান ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। জবি কেন্দ্রে দেরিতে আসা পরীক্ষার্থীরা জানায়, গুলিস্তান থেকে তীব্র জ্যাম। পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। গাড়ি চলছিল না একদমই।

পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বি ইউনিটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ট্রেজারার ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ হল পরিদর্শন করেন।

জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। ১ম ও ২য় প্রতি শিফটে ১৫ হাজার ১৩৮ জন করে এবং ৩য় শিফটে ১২ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ১ম ‍শিফটে শতকরা ৮৭ জন, ২য় শিফটে শতকরা ৮৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তৃতীয় শিফটের উপস্থিতির হার ছিল ৭০ জন। তিন শিফট মিলিয়ে মোট উপস্থিতির সংখ্যা ছিল ৮১ দশমিক ৩৯ শতাংশ।

এমএম