তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেনকে ব্যাপক মারধর করেছে নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হীরা।
সোমবার বেলা ১১টার দিকে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে জানা গেছে।
জানা যায়, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে দারুস সালাম ছাত্রাবাসে থাকেন।
গতকাল তাদের মধ্যে টিভি দেখাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।
পরে সকালে সাদ্দাম হোসেন ক্যাম্পাসে ক্লাস করার জন্য আসলে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে হীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে আসতে বলে।
একটু পরে সাদ্দাম সেখানে আসলে হীরা,রাজুসহ ৮-১০ মিলে তাকে বেধড়ক মারধর করে। মারামারির একপর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, রোববার রাতে টিভি দেখাকে কেন্দ্র করে আমাদের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হীরা আমাকে মারার জন্য স্টাম্প নিয়ে আসলে আমি তাকে বাধা দেই।
আজ আমাকে সে মোবাইলে এসএমএসের মাধ্যমে হুমকি দিয়ে বলেন, ‘কোন ভয় নেই, তোর ডিপার্টমেন্টের সামনে আছি, তুই নিচে আয়’। পরে আমি ক্লাস শেষ করে নিচে আসলে হীরা,রাজুসহ ৮-১০ মিলে আমাকে ব্যাপক মারধর করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তরিকুল হাসান বলেন, ঘটনায় জড়িতদের প্রক্টর অফিস নিয়ে আসার পরে মীমাংসা করে দেওয়া হয়েছে।
তারা আর এই ধরনের কাজ করবে না এই মর্মে তাদের কাছ থেকে একটি লিখিত জবানবন্দী নেওয়া হয়েছে।
এসএইচ





