ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক ছাত্রী ও ছাত্রকে মারধরের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একটি হল শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। পরস্পর হাত ধরে হাঁটাকে কেন্দ্র করে একই বিভাগের ওই দুই শিক্ষার্থীকে দুই দফা মারধর করে তারা।

এ ঘটনায় ভুক্তভোগী আসাদুজ্জামান এবং লীনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা ঢাবির সূর্য সেন হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের কর্মী। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল সাড়ে ৫টায় আসাদ ও লীনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। তারা একটি রিকশা ডাকছিলেন কার্জন হলে যাওয়ার জন্য। এ সময় ১০-১২ জন ছাত্র তাদের সামনে এসে দাঁড়ায়।

ওই দুই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তা জানতে চান ও প্রমাণস্বরূপ আইডি কার্ড দেখাতে বলেন। ওই দুই শিক্ষার্থী তাদের আইডি কার্ড দেখান। তা সত্ত্বেও একাধিক শিক্ষার্থী আসাদুজ্জামানকে মারধর করে। এ সময় তার সাথে থাকা লীনা তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।

মারধরকারীরা পরে সূর্য সেন হলের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাদের পরিচয় জানতে আসাদ্জ্জুামানও হলে প্রবেশ করেন। এই পর্যায়ে ওই শিক্ষার্থীকে স্টাম্প দিয়ে মারধর শুরু করা হয়। তার সাথে থাকা ছাত্রী লীনা রক্ষা করতে গেলে তাকেও গাছের ডাল দিয়ে বেদম প্রহার করা হয়। মারধরের একপর্যায়ে ওই ছাত্রীর পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গিয়ে রক্তক্ষরণ হয়।

পরে রাত পৌনে ১০টায় সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এসে ভুক্তভোগীদের বক্তব্য শোনেন। তিনি ভুক্তভোগীদেরকে ঘটনার বিবরণ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি দরখাস্ত লিখতে বলেন। আহত ওই দুই শিক্ষার্থীকে তিনি হলে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং তাদের চিকিৎসারও বন্দোবস্ত করেন।

জেড