বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া কমিটির তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মেলে।
পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব দেয় তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তানভীর কায়সার ছয় ছাত্রের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি তিনি শুনলেও বিস্তারিত এখনো জানেন না। ঢাকায় শিক্ষক সমিতির সভাপতি রয়েছেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
সাময়িক বহিষ্কৃত সদস্যরা হলেন, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আকিব জাবেদ খান ও আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রেজা শরীফ ও এনামুল হক মনি, অর্থনীতি তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের মিঠুন দে।
ঢাকা,৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





