আগুনে পুড়িয়ে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
এসময় নুসরাত হত্যায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং এই ঘটনায় জড়িত অন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
আজ (১২ এপ্রিল) শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সর্বস্তরের শিক্ষার্থী’দের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হলেও এতে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।
মানববন্ধনে তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘নুসরাতের দগ্ধ এই লাশের দাম কত?’, ‘বিচার চাইতে চাইতে আজ আমরা ক্লান্ত’, ‘বিচার ব্যবস্থা যেন দ্রৌপদীর শাড়ি’ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, “নুসরাতরা আজ এই দেশে বিচার পায় না। আর কত নুসরাতের মৃত্যু হলে হত্যাকারীদের বিচার হবে। নুসরাত-তনু-খাদিজারা আজও বিচার পায়নি। একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা নুসরাত হত্যার প্রতিবাদ জানাচ্ছি।”
এমবি





