প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম বেতন কাঠামো পুনর্নিধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা ক্লাস বন্ধ রাখবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, পার্শ্ববর্তী ভারত, নেপাল, পাকিস্তান শ্রীলঙ্কাসহ সব দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন আমাদের দেশের তুলনায় অনেক বেশি।
কিন্তু প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ বা মুখ্যসচিব ও সিনিয়র সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ করা হয় এবং পদায়িত সচিবদের জন্য নতুন একটি বেতন স্কেলও করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোর কোনো পরিবর্তন করা হয়নি।
তিনি আরো বলেন, প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম বেতন কাঠামো পুনর্নিধারণের দাবিতে তাই শিক্ষক সমিতির বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের নিয়ে আগামী সোমবার তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবে।
তবে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা আগের মতো চালু থাকবে।
এআর





