সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী ভাতা বৃদ্ধির দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে ইন্টার্নী চিকিৎসকরা।
আজ বুধবার সকাল থেকে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ এ হাসপাতালটিতে অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ন্যায় ইন্টার্নী চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। কিন্তু অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ন্যায় এখানকার ইন্টার্নী চিকিৎসকদের ইন্টার্নী ভাতা খুবই নগন্য।
২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত HPNSDP প্রকল্পের আওতাভুক্ত অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (AMC)'র পক্ষ থেকে মাসিক ১০,০০০ (দশ হাজার) টাকা প্রদান করা হতো। এ প্রকল্প থেকে ভাতা প্রদান বন্ধ হয়ে গেলে পরবর্তীতে "রাজস্ব খাত" হতে মাসিক ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়। যা এখনোও চলে আসছে।
উল্লেখ্য, ১০/০৯/২০০১ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের চিকিৎসা শিক্ষা খাত থেকে জারিকৃত এক নীতিমালায় বলা হয়, BUMS ও BAMS ইন্টার্নী চিকিৎসকগন MBBS ও BDD ইন্টার্নী চিকিৎসকদের ন্যায় মাসিক ৫,০০০ (পাঁচ হাজার) টাকা নির্ধারিত ভাতা পাবে। পরবর্তীতে ২৪/১২/২০০৯ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের এক আদেশে তা বাড়িয়ে ১০,০০০ (দশ হাজার) টাকা করা হয়।
২৭শে বৈশাখ ১৪১১ বঙ্গাব্দে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, BUMS ও BAMS কোর্সদ্বয় MBBS এ BDS এর সমপর্যায়ের।
ইন্টার্নী চিকিৎসকদের দাবি, যেহেতু সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আওতাধীন একটি কলেজ, সেহেতু বর্তমানে BUMS ও BAMS পাশকৃত ইন্টার্নী চিকিৎসকদেরকে MBBS ও BDS পাশকৃত চিকিৎসকের সমমানের পাওয়া উচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আদেশেও তাই বলা আছে।
এমএম





