আজ বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস।

২০০২ সালের এইদিনে হলের সাধারণ ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশ নির্মম নির্যাতন চালায়।এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে।আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালিন ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

দিনটিকে স্মরণে রাখার জন্য প্রতিবছরের এই দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শামসুন্নাহার হল নির্যাতন দিবস হিসেবে পালন করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করে।

প্রতিবছরের মত এবছরও দিবসটি পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করার মানসে এবারের দিবসটি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেণীর কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে সোমবার রাত আটটায় ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শামসুন্নাহার হলে এসে শেষ হয়।বুধবার বেলা ১১টায় শামসুন্নাহার হলে আলোচনা সভার আয়োজন করেছে হল কর্তৃপক্ষ।শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন একটি দেয়াল পত্রিকা এবং হলের সামনের দেয়ালে দেয়ালচিত্র অঙ্কন করবে।এ ছাড়া দিনটির স্মরণে বেশ কয়েকটি ছাত্রসংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস